ফাইল ছবি
ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম এ বিমানবন্দরে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
স্থানীয় সময় শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমানের অবস্থান দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।ইসরাইলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেয়ার পর এ ঘটনা ঘটল।
এর আগে গত ৪ মার্চ এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরাইল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।
নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল
এদিকে ইসরাইলজুড়ে নতুর করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শনিবার সকালে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দূর করতে কাজ করছে।সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্রের সতর্কবার্তা পেয়েছেন।




