ছবি: সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে সেখানে ৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। এদিকে গত এক সপ্তাহের ইসরাইলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৩০০ এর কাছাকাছি পৌঁছেছে। মূলত লেবাননের হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরাইল। দেশটির অব্যাহত বিমান হামলা ও বিশেষ কমান্ডো অভিযানে নিহতের সংখ্যা ২৯৪ জনে দাঁড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে লেবানন সরকারকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারিও দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে নিরাপত্তা শঙ্কায় বৈরুত ছেড়েছেন দেড় শতাধিক ইরানি নাগরিক ও কূটনীতিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।
এতে বলা হয়, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- গত ২৪ ঘণ্টায় এই এলাকায় ইসরাইলি হামলায় ৪১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন লেবানিজ সেনাসদস্যও রয়েছেন। সর্বশেষ হামলায় হতাহত হয়েছেন মোট ১০ জন।
এক টেলিভিশন ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০২৪ সালের চুক্তি অনুযায়ী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার দায়িত্ব লেবানন সরকারের। তিনি বলেন, আপনারা যদি হিজবুল্লাহকে থামাতে ব্যর্থ হন, তবে লেবাননকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। নিজেদের ভাগ্য নির্ধারণের সময় এখনই। একই সুরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, হিজবুল্লাহর আগ্রাসনের কারণে পুরো লেবাননকে ‘বিপর্যয়কর পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।
গত সোমবার থেকে শুরু হওয়া এই নতুন দফার যুদ্ধে লেবাননের প্রায় ৮ শতাংশ অঞ্চলজুড়ে ইসরাইল উচ্ছেদ আজ্ঞা জারি করেছে। এর ফলে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। বৈরুতের দক্ষিণ শহরতলী দাহিয়েহতে একের পর এক বিমান হামলায় বহুতল ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ এই বাস্তুচ্যুতিকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের ওপর হামলার হুমকি দেয়ার পর শনিবার ১৫০ জনেরও বেশি ইরানি নাগরিক বৈরুত ত্যাগ করেছেন। এদের মধ্যে ইরানি দূতাবাসের কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবার রয়েছে। তেহরান জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে তাদের সরিয়ে নেয়া হচ্ছে।
অন্যদিকে, হিজবুল্লাহও ইসরাইলের অভ্যন্তরে রকেট ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে, যার ফলে উত্তর ইসরাইলের শহরগুলোতে দিনভর সতর্ক সাইরেন বাজছে। হিজবুল্লাহর দাবি, তারা নাবি চিত এলাকায় ইসরাইলি হেলিকপ্টার ও কমান্ডোদের লক্ষ্য করে সফলভাবে গুলি চালিয়েছে, যার ফলে তারা পিছু হটতে বাধ্য হয়।




