ছবি: সংগৃহীত
কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। এতে মঙ্গলবার সকাল থেকে নগরীর নওদাপাড়া, শিরোইল বাস টার্মিনাল ও রেলগেট এলাকা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বিআরটিসি বাসগুলো চলতে দেখা গেছে। এছাড়াও সকালে বেশ কিছু দূরপাল্লার বাস যাত্রী নিয়ে রাজশাহী ফিরেছে।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, সোমবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, বাস মালিক সমিতি এবং শ্রমিক নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির একজন প্রতিনিধিকে রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ফলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই বৈঠকটি পণ্ড হয়ে যায়।
বৈঠক থেকে ফিরে শ্রমিকদের একটি অংশ শিরোইল বাস টার্মিনালে গিয়ে চরম উত্তেজনা তৈরি করে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা পর্যন্ত তাৎক্ষণিকভাবে সব রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। তবে দূরপাল্লার বাসগুলো রাজশাহী ফেরা এবং অন্য জেলার বাস রাজশাহী থেকে বের হবার জন্য সকাল পর্যন্ত সময় দেওয়া শিথিল করা হয়েছিল। এদিকে সকাল থেকে শ্রমিকদের কর্মবিরতির কারণে আর কোনো বাস ছেড়ে যায়নি।




