ফাইল ছবি
গাড়ি রাখাকে কেন্দ্র করে নিজ বাসার সামনেই আলতাফ হোসেন নামে পুলিশের (স্পেশাল ব্রাঞ্চ) এক এসআই'কে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আলতাফের ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন। নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। ওসি বলেন, নিহত আলতাফ হোসেন রাজধানীর মালিবাগ জোনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের আমিনবাজার বড়দেশী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।
পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, হাসপাতালে আসার আগেই আলতাফ হোসেনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়ে নিজ বাসার পাশেই হামলার শিকার হন এসআই আলতাফ ও তার ছেলে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




