ফাইল ছবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা এক সরকারি গেজেটের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ধারা ১১ এবং ‘রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১’-এর বিধি ১২(৬) অনুযায়ী নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।
এর আগে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপরই আইনি প্রক্রিয়া অনুসরণ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই গেজেট প্রকাশ করা হলো।




