ফাইল ছবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করেছে একটি প্রতারক চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এ চক্রটি সক্রিয় রয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে জারি করা একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি তাদের নজরে এসেছে। ওই আদেশে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
১০ আগস্ট তারিখে জারি করা ওই ভুয়া অফিস আদেশে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।
তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।
মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং যথাযথ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে চাকরির প্রলোভনে পড়ে কোনো অসাধু ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং নিয়োগের বিভিন্ন পর্যায়ের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হয়।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করছে।
চাকরিপ্রার্থীদের চাকরি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।




