ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার। জাতীয় সংসদের সংসদ সভা কক্ষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। ৩৪৯জন ভোটার রয়েছেন। নির্বাচনের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে ইতোমধ্যে। এই ভোটে নির্ধারিত হবে পাঁচ বছরের জন্য বঙ্গভবন কিংবা রাষ্ট্রের অধিপতি। দীর্ঘ ৩৫ বছর পর এই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্ব›িদ্বতা করায় ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীতি প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী ১১ দলীয় ঐক্যের এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। তবে ভোটাভুটি হলেও সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির প্রার্থীই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিশ্চিত। তারপরেও কৌতুহল রয়েছে জনমনে। এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্বও।
রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে আছে। এদিকে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত এবং ভোটার হওয়ার আবেদন জানিয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইনকর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। এছাড়া সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, নতুন নির্বাচিত রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠিত হবে।




