ফাইল ছবি
বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, সেটিও পর্যালোচনা করছে নয়াদিল্লি।
মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
বাংলাদেশের অতিরিক্ত প্রায় ৮ হাজার লিটার জ্বালানি চাওয়ার বিষয়ে জয়সওয়াল বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা অব্যাহত রয়েছে। তবে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধটি ভারতের নিজস্ব চাহিদা, পরিশোধন সক্ষমতা ও প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।
তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি-সম্পর্কিত সব বিষয় যৌথ নদী কমিশন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর আওতায় আলোচনা হওয়া উচিত।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানানো হয়েছে। সফর নিয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।
এ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের দাবির বিষয়েও ভারতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।




