Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২ ১৪৩৩, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬

করদাতাদের উৎসাহিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৮, ১৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

করদাতাদের উৎসাহিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

করদাতারা যাতে কর দিতে উৎসাহিত হন এবং কর গ্রহণকারীদের ওপরও যেন আলাদা কোনো চাপ না থাকে, সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, কী ধরনের কর ব্যবস্থা করা হবে, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে। তাদের পরামর্শ অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিতে পারবে। তবে এ পরিবর্তন ধীরে ধীরে করতে হবে, হুট করে সম্ভব নয়তিনি বলেন, যেখানে প্রয়োজন নেই, সেখানে খরচ কমানোর চেষ্টা করছে সরকার। তবে যেসব জায়গায় অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, সেগুলো করা হবে। এসব উন্নয়নের অর্থ আসবে করদাতাদের দেয়া টাকা থেকে।প্রধানমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে একটি ভালো পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। প্রত্যেকে নিজের কাজ সঠিকভাবে করতে পারলেই এ পরিবর্তন সম্ভব। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
 
সরকার সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় জানিয়ে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশাগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। দক্ষ ও সৎ কর্মকর্তারা যাতে আরও বেশি করে কাজ করতে পারেন, সে সুযোগ তৈরি করে দেয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারে দায়িত্বে যারা রয়েছেন, তারা যেন নিরাপদ ও স্বস্তির সঙ্গে কাজ করতে পারেন, সেটিই চায় সরকার। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। আসুন আমরা সব ধরনের বিশৃঙ্খলা পরিহার করার চেষ্টা করি।
 
ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে আপনারাই প্রমাণ করেছেন, আপনারাই পারেন, আপনারাই পারবেন। সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের সবার দেশপ্রেম ও আন্তরিকতা প্রয়োজন। আসুন, আমরা সবাই মিলে একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তুলি।
 

Walton
Walton