Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ৩০ ১৪৩২, শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকালে ফোন করেন নরেন্দ্র মোদি।  বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। এসময়ে দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানান নরেন্দ্র মোদি।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি।’

পোস্টে তিনি আরও লেখেন,তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি। বাংলাদেশ ও ভারত দুইটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। সেই সম্পর্কের প্রেক্ষাপটে আমি দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

এর আগে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।

তিনি আরও বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয়লাভ করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে।

Walton
Walton