ফাইল ছবি
কূটনৈতিক প্রচেষ্টার আড়ালে যুক্তরাষ্ট্র স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।
গালিবাফ বলেছেন, শত্রু (যুক্তরাষ্ট্র) প্রকাশ্যে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, কিন্তু গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, ইরানের বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য অপেক্ষা করছে এবং তাদের ‘উচিত শাস্তি’ দিতে প্রস্তুত।গালিবাফ ইরানের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশটি এখন একটি বড় বৈশ্বিক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা সবচেয়ে সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে।
তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রকে শাস্তি দিতে সক্ষম এবং দেশটির ওপর হামলার জন্য ওয়াশিংটনকে অনুতপ্ত করতে পারবে। গালিবাফ অতীতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার, পুলিশ প্রধান এবং তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। বর্তমানে এই সামরিক অভিযান ১ মাস অতিক্রম করেছে।
প্রাথমিক হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের নিহত হয়েছেন। তবে এক মাস পার হলেও যুক্তরাষ্ট্র এখনো সামরিকভাবে ইরানকে পরাজিত করতে পারেনি।




