Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৮ ১৪৩৩, সোমবার ২৪ আগস্ট ২০২৬

গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত ৩০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ২৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত ৩০

ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির পর বিশাল একটি আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পাহাড়সম বর্জ্যের স্তূপটি ধসে পাশের অস্থায়ী ঘরবাড়ির ওপর পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে কোনাক্রির দার-এস-সালাম এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গিনির সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে আবর্জনার বিশাল স্তূপটি ধসে পড়ে। ধসের পরপরই আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। উদ্ধারকাজে সামরিক বাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের খননযন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও সেখানে ভিড় করেন। উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যান গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ।

স্থানীয় এক নারী জানিয়েছেন, এই দুর্ঘটনায় তাঁর পাঁচ সন্তান মারা গেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্ষাকালে ভারী বৃষ্টিপাত এই দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। আবর্জনার স্তূপের পাশে অস্থায়ী ঘরবাড়ি গড়ে ওঠায় দুর্ঘটনার সময় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

Walton
Walton