Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১৪ ১৪৩৩, শনিবার ৩১ অক্টোবর ২০২৬

পিবিআইকে যা জানালেন তাহসিফের বন্ধু দ্বীপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১২, ৩১ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

পিবিআইকে যা জানালেন তাহসিফের বন্ধু দ্বীপ

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি’র (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু শাহরিয়ার রেজা দ্বীপকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার দুপুরে তাকে নিয়ে টঙ্গীর হোন্ডা রোড ও হাজী মাজার বস্তি সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করা হয়। 

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে বুধবার বিকেলে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তার কাছাকাছি জায়গা টঙ্গী সেনাকল্যাণ সংস্থার পাশে হোন্ডা রোড থেকে আজ সকালে একটি মোটরসাইকেল পাওয়া যায়। সেই হোন্ডা রোড এবং হাজী মাজার বস্তি সংলগ্ন ইজতেমার মাঠ পরিদর্শন করেন তাঁরা। 

তাহসিফের মৃত্যুর আগে এই স্থানটিতেই এসেছিলেন তাহসিফ ও দ্বীপ। জিজ্ঞাসাবাদে দ্বীপ পুলিশকে বলেছেন, ‘সেদিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক তাদের ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।’

পিবিআই-এর ভাষ্যমতে, পুলিশের পোশাক পরে কিছু লোক ধাওয়া করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দ্বীপ। 

‎পিবিআই কর্মকর্তারা বলছেন, ‘রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। যারা ধাওয়া দিয়েছিল তারা মাদক কারবারি হতে পারে এমন প্রাথমিক ধারণা করা হচ্ছে। তাদের ধাওয়ায় তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন।’

পিবিআই এর একটি সূত্র জানায়, দ্বীপের দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল শনাক্ত ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

দ্বীপ পুলিশকে বলেছেন, ‘কিছু লোক তাদের ধাওয়া দিলে তারা দুজন দুদিকে দৌড় দেন। সাবেক বিমানবাহিনীর কর্মকর্তা নদের দিকে দৌড়ে যান।’

পিবিআইয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এখনও তার (দ্বীপের) বক্তব্যে পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। মামলার অন্যান্য দিকগুলো মাথায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছি।’

Walton
Walton