Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১২ ১৪৩৩, বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

অন্তর্ভুক্তিমূলক ভোটের আহ্বান ডেমোক্রেসি অ্যালায়েন্সের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:২৮, ২৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

অন্তর্ভুক্তিমূলক ভোটের আহ্বান ডেমোক্রেসি অ্যালায়েন্সের

ছবি: সংগৃহীত

ফেয়ার ইলেকশনস অ্যান্ড ডেমোক্রেসি অ্যালায়েন্স (Alliance for Fair Elections and Democracy—AFED) আগামী ২৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। 

AFED-এর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণে দেখা গেছে, নির্বাচনী প্রচার কার্যক্রম সাধারণত কোনো বাধা ছাড়াই পরিচালিত হয়েছে এবং পর্যবেক্ষণ করা ২৭টি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে কোনো সহিংসতা দেখা যায়নি। 

একই সঙ্গে, পর্যবেক্ষকেরা নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ ও ছিঁড়ে ফেলার বিষয়ে উদ্বেগের তথ্য নথিভুক্ত করেছেন। প্রার্থীদের প্রচার কার্যক্রমে দৃশ্যমানতার ক্ষেত্রে পার্থক্য ছিল এবং প্রচারে নারীদের অংশগ্রহণের মাত্রাও ভিন্ন ছিল। 

নির্বাচনী প্রচার পর্যবেক্ষণ ও প্রাথমিক পর্যবেক্ষণলব্ধ ফলাফল

AFED ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় তিনজন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক নিয়োগ করেছে। তাঁরা সামগ্রিক নির্বাচনী প্রচার পরিবেশ পর্যবেক্ষণ করেছেন, তিনজন প্রার্থীর নির্বাচনী প্রচার অনুষ্ঠান পর্যবেক্ষণ করেছেন এবং ১৯ জন নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও নির্বাচনী প্রচার দলের সদস্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণলব্ধ ফলাফলগুলো হচ্ছে:

- AFED-এর পর্যবেক্ষণ অনুযায়ী, প্রার্থীরা সাধারণত কোনো বাধা ছাড়াই নির্বাচনী প্রচার চালাতে পেরেছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে ভয়ভীতি প্রদর্শনের কোনো অভিযোগ পর্যবেক্ষকেরা পাননি। পর্যবেক্ষণ করা ২৭টি নির্বাচনী প্রচার অনুষ্ঠানে কোনো সহিংসতা দেখা যায়নি। এ ছাড়া, এসব অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ করতে কিংবা কোনো প্রার্থীর পক্ষে সমর্থন বা অনুকূল মন্তব্য করতে পর্যবেক্ষকেরা দেখেননি।

- তবে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন প্রার্থী বা তাঁদের প্রচার প্রতিনিধিরা জানিয়েছেন যে, তাঁরা অবাধে নির্বাচনী প্রচার চালাতে পারেননি। এর প্রধান কারণ ছিল তাঁদের পোস্টার ও অন্যান্য নির্বাচনী প্রচারসামগ্রী সরিয়ে ফেলা বা ছিঁড়ে ফেলা। সাক্ষাৎকার প্রদানকারীদের প্রায় এক-তৃতীয়াংশ নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের সঙ্গে সংশ্লিষ্ট হস্তক্ষেপ বা প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রার্থী ও তাঁদের প্রচার দলের সদস্যরা নির্বাচনী প্রচারের স্থান ব্যবহারের অনুমতি পেতে কোনো অসুবিধার কথা জানাননি।

- পর্যবেক্ষকেরা দেখেছেন, দুইজন প্রধান প্রার্থীর নির্বাচনী প্রচারসামগ্রী উল্লেখযোগ্য পরিমাণে দৃশ্যমান ছিল, যেখানে অন্যান্য প্রার্থীর প্রচারসামগ্রী তুলনামূলকভাবে কম দৃশ্যমান ছিল। এর ফলে নির্বাচনী প্রচারসামগ্রীর অবস্থান ও প্রদর্শনের ক্ষেত্রে সব প্রার্থী সমান দৃশ্যমানতা পাননি। AFED প্রার্থী ও তাঁদের সমর্থকদের অন্যদের নির্বাচনী প্রচারসামগ্রীর প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ন্যায্য ও দ্রুততার সঙ্গে অভিযোগ নিষ্পত্তির আহ্বান জানাচ্ছে।

- পর্যবেক্ষণ করা দুই-তৃতীয়াংশ নির্বাচনী প্রচার অনুষ্ঠানে নারীদের দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা গেছে, যদিও তাঁদের খুব কম ক্ষেত্রেই বক্তা হিসেবে দেখা গেছে। AFED রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তাঁরা রাজনৈতিক কর্মকান্ড ও জনপরিসরের আলোচনায় নারীদের বক্তব্য প্রদান, নেতৃত্ব দেওয়া এবং অর্থবহভাবে অবদান রাখার আরও সুযোগ সৃষ্টি করেন।

- পর্যবেক্ষকরা আরও লক্ষ্য করেন যে, পর্যবেক্ষণকৃত এলাকাগুলোতে ভোটারদের তথ্য প্রদান ও সচেতনতা বৃদ্ধির জন্য দৃশ্যমান কোনো কার্যক্রম ছিল না। এর মধ্যে পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে  তথ্যেরও অভাব পরিলক্ষিত হয়। তবে, সাক্ষাৎকার গ্রহণ করা নির্বাচনী কর্মকর্তারা জানান যে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য লক্ষ্যভিত্তিক ভোটার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

AFED ভোটারদের আস্থার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ভোটদানের পদ্ধতি, পোস্টাল ভোটিং, ভোটকেন্দ্রের ব্যবস্থাপনা এবং ভোটারদের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ও সহজলভ্য তথ্য প্রচারের আহ্বান জানায়। বিশেষ করে, যেসব নাগরিক তথ্যপ্রাপ্তি বা ভোটকেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হন, তাঁদের নির্বাচনী অংশগ্রহণ সহজতর করার জন্য এ ধরনের তথ্য সহজবোধ্য, অন্তর্ভুক্তিমূলক ও সবার জন্য প্রবেশগম্য হওয়া জরুরি।

- সাক্ষাৎকার প্রদানকারী সব প্রার্থী বা তাঁদের প্রচার প্রতিনিধিরা জানিয়েছেন যে, নির্বাচন প্রশাসনের কাছ থেকে তাঁরা সমান আচরণ পেয়েছেন। তাঁরা বাংলাদেশ নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে স্বাধীন ও নিরপেক্ষ বলে মনে করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ জানাননি।

- AFED-এর কাছে থাকা তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারের শেষ দিন পর্যন্ত ছয়টি অভিযোগ জমা পড়েছিল। এসব অভিযোগের বেশির ভাগই নির্বাচনী প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলার মতো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। সাক্ষাৎকার দেওয়া নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন যে, তাঁরা এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন।

তবে AFED প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব পদক্ষেপের বিষয়টি যাচাই করতে পারেনি। AFED নির্বাচন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব অভিযোগের বিষয়ে সময়মতো, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। এই পর্যবেক্ষণলব্ধ ফলাফল কেবল AFED-এর পর্যবেক্ষণ করা এলাকা ও অনুষ্ঠান এবং সাক্ষাৎকার প্রদানকারীদের মতামতের ভিত্তিতে প্রযোজ্য।

শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ভোটগ্রহণের আহ্বান

- নির্বাচনী এলাকাটি ভোটগ্রহণের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে AFED প্রার্থী, রাজনৈতিক দল ও তাঁদের সমর্থকদের সংযম প্রদর্শন, একে অপরের অধিকারকে সম্মান এবং প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে উদ্বেগ ও অভিযোগের সমাধান করার আহ্বান জানাচ্ছে। অভিযোগগুলো নির্ধারিত পদ্ধতির মাধ্যমে উত্থাপন ও নিষ্পত্তি করতে হবে। প্রত্যেক ভোটার যেন কোনো ভয়, চাপ বা ভীতি প্রদর্শন ছাড়াই গোপন ব্যালটে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

- AFED নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপদ পরিবেশ বজায় রাখা, নিরপেক্ষভাবে নির্বাচনী বিধিবিধান প্রয়োগ এবং যেকোনো ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে। নারী, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য বিশেষ মনোযোগ দিতে হবে। স্বীকৃত নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকরাও যেন কোনো বাধা ছাড়াই তাঁদের দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনের দিন পর্যবেক্ষক মোতায়েন

২৯ অক্টোবর AFED ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় ৫২ জন ভ্রাম্যমাণ পর্যবেক্ষক মোতায়েন করবে। তাঁরা নির্ধারিত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া, ভোটদান, ভোট গণনা এবং ডাকযোগে প্রদত্ত ভোট গণনা পর্যবেক্ষণ করবেন। ভ্রাম্যমাণ পর্যবেক্ষণের মাধ্যমে পরিদর্শন করা স্থান ও সময়ের ভিত্তিতে তথ্য-প্রমাণ সংগ্রহ করা সম্ভব হবে। তবে এর মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রের কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয়।

AFED ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়জুড়ে শান্তি বজায় রাখা এবং প্রত্যেক নাগরিকের স্বাধীন ও নিরাপদে নির্বাচনে অংশগ্রহণের অধিকার সমুন্নত রাখার জন্য সব অংশীজনের প্রতি আহ্বান জানাচ্ছে। AFED-এর নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (EPD) সহায়তা প্রদান করছে।

-বিজ্ঞপ্তি

Walton
Walton