Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩৩, বুধবার ২৮ অক্টোবর ২০২৬

দুই স্ত্রীসহ এক যুবককে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৪, ২৮ অক্টোবর ২০২৬

প্রিন্ট:

দুই স্ত্রীসহ এক যুবককে চুনকালি মাখিয়ে গ্রামছাড়া

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে এক যুবক ও তার দুই স্ত্রীকে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে মহাদেবপুর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী ওই যুবকের বয়স ৩৫ বছর এবং তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা ও পেশায় একজন আইনজীবীর সহকারী। গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি নিজের প্রথম স্ত্রীর আপন ছোট বোনকে (২১) বিয়ে করেন। বিয়ের পর তারা জেলার বদলগাছী উপজেলা সদরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেছিলেন।

স্থানীয়দের আপত্তির মুখে এবং ‘ইসলাম ধর্মে একসঙ্গে দুই বোনকে বিয়ে করার বিধান নেই’—এমন যুক্তিতে বদলগাছীর সেই ভাড়া বাসা ছেড়ে দিতে বাধ্য হন তারা। পরবর্তীতে বাধ্য হয়ে সোমবার রাতে দুই স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলায় নিজের শ্বশুরবাড়িতে গিয়ে ওঠেন ওই যুবক।

শ্বশুরবাড়িতে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১০টার দিকে স্থানীয় কিছু প্রতিক্রিয়াশীল ব্যক্তি সেখানে জড়ো হয়ে তাদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে এক যুবক ও দুই নারীকে ঘিরে একদল মানুষ উল্লাস করছেন। এ সময় তাদের মারধর করা হয়, মুখে চুনকালি মাখানো হয় এবং গলায় জুতার মালা পরিয়ে লাঠিসোঁটা নিয়ে গ্রামছাড়া করা হয়। বর্তমানে ওই দম্পতি ও দুই বোন এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

Walton
Walton