ছবি: সংগৃহীত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকীর কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) দুই সদস্য। বুধবার বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. জাহিদ হাসান ও ডা. বাসেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন ব্যক্তি পরিচালকের কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে তারা পরিচালকের জামার কলার ধরে টানাহেঁচড়া করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অন্যদিকে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ড্যাব।
একাধিক কর্মকর্তার সঙ্গে কথা জানা গেছে, পরিচালকের কক্ষে জোরপূর্বক প্রবেশ করে তাকে মারধর করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনার সিসিটিভি ফুটেজেও কয়েকজন ব্যক্তিকে পরিচালকের কক্ষে প্রবেশ করে তাকে চেয়ার থেকে টেনে তোলা এবং ধাক্কাধাক্কি করতে দেখা যায়। পরে কক্ষে উপস্থিত অন্য ব্যক্তিরা তাদের বাধা দিলে পরিচালক আবার নিজের চেয়ারে বসেন।
ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের সময়ে পরিচালক কীভাবে আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন। তবে ওই বৈঠকের সঙ্গে বুধবারের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত নয়।




