ফাইল ছবি
বগুড়া, সিলেট ও ময়মনসিংহসহ দেশের ৬ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার।বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১০ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।
উপসচিব তৌছিফ আহমেদের সই করা এই আদেশে বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির পুলিশ সুপার এবং ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার করা হয়েছে।
অন্যদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহের পুলিশ সুপার এবং সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটের পুলিশ সুপার এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশের পুলিশ সুপার এবং পুলিশ অধিদফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




