ফাইল ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান পরিবেশন, চর্চা ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা
দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতকে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে বহু বছর ধরে তিনি নজরুলের গান পরিবেশন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে তার পরিবেশনা যেমন সমাদৃত হয়েছে, তেমনি নজরুলসংগীত শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান।
এবার একই পুরস্কারে সম্মানিত হচ্ছেন বিশিষ্ট নজরুল গবেষক রশিদুন্ নবী। নজরুলের জীবন, সাহিত্য ও দর্শন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে তিনি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন। বাংলা সাহিত্যে নজরুলচর্চাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলে জানিয়েছে বাংলা একাডেমি।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ফাতেমা তুজ জোহরা বলেন, “অনেক মন খারাপ ছিল। মনে হচ্ছিল, আমি যেন হারিয়ে গেছি। কেউ আমাকে আর মনে রাখবে না। এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত ও বিস্মিত। বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, এই সম্মাননা তার দীর্ঘদিনের সংগীতসাধনায় নতুন অনুপ্রেরণা যোগাবে।
আগামী ২৩ মে শনিবার বিকেল ৩টায় বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে।




