ফাইল ছবি
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সরকারি সূত্র।বুধবার আনাদোলু এজেন্সিকে পাকিস্তান সরকারের সূত্রগুলো জানায়, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে।
মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে।’ তবে কত দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যে বার্তা আদান-প্রদান করছে বলে জানান তিনি।
এপ্রিল মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে।
নিরাপত্তার নিশ্চয়তা এবং বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা স্থবির হয়ে পড়ে। এর জেরে ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা হয়।
ওই সময় ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালায়।




