Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২২ ১৪৩৩, সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১১:১৯, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফাইল ছবি

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা সোমবার থেকে তাদের জমা টাকার মূল অংশ ফেরত নিতে পারবেন। এ জন্য গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়, যা রোববার পর্যন্ত চলে।গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে আবেদন করতে হয়েছে। আবেদন পাওয়ার পর তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়। পরে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই তা ফেরত দেওয়া হবে।

অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে। এরই মধ্যে ৭৫ হাজার গ্রাহক টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। এসব আবেদনে গ্রাহকদের চাওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯২৫ কোটি টাকা। 

ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত শুধু ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরে পরিশোধ করা হবে। প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখনই ঘোষিত স্কিমের বাইরে গিয়ে টাকা তুলতে পারবেন না।

অর্থ ফেরতের আবেদনে গ্রাহকের হিসাবে মোট কত টাকা জমা আছে, কত টাকা তুলতে চান এবং টাকা তোলার কারণ উল্লেখ করতে হবে।

ব্যাংক সূত্র জানিয়েছে, প্রথমে ১ সেপ্টেম্বর থেকেই টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা ছিল। তবে কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লাগায় কার্যক্রম এক সপ্তাহ পিছিয়ে ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

 

Walton
Walton