Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

মাঘ ২৪ ১৪৩২, শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৯, ৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট

ফাইল ছবি

দুই দিন স্থগিতের পর আবারও লাগাতার ধর্মঘটের নতুন কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ধর্মঘটের কর্মসূচির ডাক দেয়া হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সমন্বয়ক হুমায়ুন কবীর ও ইব্রাহিম খোকন এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, এবার বন্দরের বহির্নোঙর এলাকাতেও সব ধরনের কাজ বন্ধ রাখা হবে। ফলে কর্মসূচি বাস্তবায়ন হলে পুরো বন্দর কার্যক্রম অচল হয়ে পড়তে পারে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবিতে গত শনিবার থেকে পর্যায়ক্রমে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। প্রথমে ৩ দিন প্রতিদিন আট ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এতে বন্দরের কনটেইনার পরিবহন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এদিকে বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীরা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। তবে আন্দোলন স্থগিতের পরপরই আন্দোলনে যুক্ত ১৫ জন কর্মচারীর সম্পদ তদন্ত এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন জানায় বন্দর কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, ব্যবসায়ীদের ক্ষতি ও রোজার পণ্য খালাসের কথা চিন্তা করে তারা কর্মসূচি স্থগিত করেছিলেন। কিন্তু বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। তিনি অভিযোগ করে বলেন, বন্দর চেয়ারম্যানের এমন পদক্ষেপে সংকট আরও বেড়েছে। এ অবস্থায় লাগাতার কর্মসূচিতে যাওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

Walton
Walton