ফাইল ছবি
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে (বিদিশা এরশাদ) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। সেই মামলায় তার দুই বছরের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।এর আগে গত ২০ মে প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়া অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় ঘোষণা করেন।মামলার নথি অনুযায়ী, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ২০০৮ সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।




