ছবি: সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে পাঁচ সদস্যের পরিবারটি একটি প্রাইভেটকারে করে রওনা হয়েছিল। পথে তাদের বহনকারী গাড়ির পেছনে একটি ভারী যানবাহন সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) ঘটনাস্থলেই নিহত হন ও অন্যরা গুরুতর আহত হন।




