Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৪ ১৪৩২, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন বগুড়ার মীর শাহে আলম

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন বগুড়ার মীর শাহে আলম

ফাইল ছবি

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন বগুড়া -২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।

মীর শাহে আলম বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে সংগঠক ও তৃণমূলভিত্তিক নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে।

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে মন্ত্রিত্বের সুযোগ খুব একটা আসেনি। সর্বশেষ ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর আসন থেকে নির্বাচিত অ্যাডভোকেট মজিবর রহমান অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর দীর্ঘ সময় ধরে জেলার আর কেউ মন্ত্রিসভায় স্থান পাননি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এছাড়া আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি বাংলাদেশের ইতিহাসে বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী, যাদের সংসদীয় নেতা নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

Walton
Walton