Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১৯ ১৪৩৩, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

চুক্তি করার জন্য ইরানের এটিই ‘শেষ সুযোগ’: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৩, ৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

চুক্তি করার জন্য ইরানের এটিই ‘শেষ সুযোগ’: ট্রাম্প

ফাইল ছবি

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (৩ আগস্ট) তিনি সতর্ক করে বলেন, পাঁচ মাস ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে এটিই শেষ সুযোগ।ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‌আলোচনা এই মুহূর্তেও চলছে। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ অন্যান্য দেশের অনুরোধে পক্ষগুলো আলোচনা করছে।

যদিও ইরানের দাবি কোনো ধরনের আলোচনা হচ্ছে না। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকেরও সময়সূচি নির্ধারিত নেই। আগামী দিনগুলোতে বিদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেয়া বা বিদেশে আলোচক পাঠানোর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানান বাঘাই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা একমাত্র ওমানের সঙ্গেই আলোচনা করছে। এই আলোচনার বিষয় হলো বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ভাগাভাগি করার পরিকল্পনা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকার কথা ইরান অস্বীকার করার পর ডনাল্ড ট্রাম্প ক্ষোভ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ক্ষুব্ধ পোস্টে তিনি ঘোষণা করেন, একটি চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত মার্কিন সামরিক অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্প ইরানের নেতৃত্বকে অবিশ্বাস্যভাবে কপট বলে অভিহিত করেন এবং দাবি করেন, তারা একটি বৈঠকের জন্য অনুরোধ করেছিলো।
 
তিনি বলেন, ‘ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের দ্বিমুখী আচরণ করছে। তারা বৈঠকের অনুরোধ করে, কেউ কেউ বলবেন ভিক্ষাও করে। আলোচনা শুরু হয়েছে এবং সামনে আরও বৈঠকের সময়সূচি রয়েছে। কিন্তু প্রকাশ্যে তারা বলছে, কোনো আলোচনা হচ্ছে না, তারা শুধু ওমানের সঙ্গে যোগাযোগ রাখছে।’
 
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের বক্তব্য বাস্তবতার সঙ্গে মিল নেই। তার ভাষায়, ‘তারা আবারও বলছে, হরমুজ প্রণালি তাদের শক্ত হাতে পরিচালিত হবে। অথচ এটি ইতোমধ্যেই সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের ‘অবরোধ’, যাকে কেউ কেউ ‘যুক্তরাষ্ট্রের স্টিলের দেয়াল’ বলে, তার কারণে আমরা না চাইলে ইরানের দিকে কিছুই যেতে পারে না এবং আমরা অনুমতি না দিলে কিছুই যাবে না।’
 
এর আগে চুক্তির জন্য ট্রাম্প আঞ্চলিক শক্তি ও তেহরানের অনুরোধের কথা উল্লেখ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা স্থগিত করেন।

Walton
Walton