Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩২, শনিবার ২৮ মার্চ ২০২৬

ইভিএম সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য : ঐক্যফ্রন্ট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ১৮ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ইভিএম সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য : ঐক্যফ্রন্ট

ঢাকা : ৩০ জানুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোনো অবস্থাতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার মেনে নেবে না জাতীয় ঐক্যফ্রন্ট। এভাবে ভোট করলে তা পুরো নির্বাচনী প্রক্রিয়া পদ্ধতি ও ব্যবস্থাকে অশুভ অভিঘাতের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান জোটের অন্যতম শীর্ষ নেতা আ স ম আব্দুর রব।

লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, সরকার ও নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস নেই। সে কারণে সুষ্ঠু ভোট ছাড়াই ক্ষমতা দখল ও ক্ষমতা চিরস্থায়ী করার নিত্যনতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। জনগণকে নানাভাবে হয়রানি ভয়-ভীতি সন্ত্রাস ও গ্রেপ্তারের মাধ্যমে নির্বাচন বিমুখ করা হয়েছে। নির্বাচনে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রতারণার ফাঁদ পেতেছে সরকার ও নির্বাচন কমিশন। আর ইভিএম ভোট চুরি নতুন পদ্ধতি। আল্লাহর ওয়াস্তে আপনারা ইভিএম পন্থা বাদ দিন। এটাকে বঙ্গোপসাগরে ফেলে দিন।

তিনি বলেন, যেকোনো যন্ত্র বা প্রযুক্তি চলে মানুষের কমাণ্ডে, কিন্তু যারা কমাণ্ডে আছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইভিএমের মাধ্যমে জনগণের ভোটের অধিকার হরণ করবে একথা বলাই বাহুল্য। ইভিএমে যে প্রযুক্তি এবং তথ্য পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তাতে মধ্যরাতে ভোটের ধারাবাহিকতায় এটা হবে আরো একটি জঘন্য দৃষ্টান্ত। ইভিএম পদ্ধতি বিতর্কিত এবং সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, বাংলাদেশ সংবিধানে নির্বাচন সম্পর্কে প্রকাশ্যে পেপার ব্যালটের কথা বলা হয়েছে। বলা হয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষিত হবে।‌ কিন্তু ইভিএমে ভোটের গোপনীয়তা থাকে না। ভোটারদের কাছে কোনো প্রমাণ থাকে না। একটি সত্যিকারের গণতন্ত্রের মৌলিক অধিকার ও সংবিধান লঙ্ঘন। জনগণ সকল ক্ষমতার মালিক। গণতান্ত্রিক পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে জনগণ সেই মালিকানা প্রতিষ্ঠা করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আবু সাঈদ, নুরুল আমিন বেপারী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জহির উদ্দিন মাহমুদ স্বপন, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

Walton
Walton