ফাইল ছবি
হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ধ্বংসের প্রতিশোধ নিতে ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন নৌবহরে পাল্টা হামলা চালিয়েছে ইরান। মার্কিন বাহিনীকে অবিলম্বে মধ্যপ্রাচ্য ছাড়তে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর জেরে উচ্চ সতর্কতায় আছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১২টার পর ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ, সিরিক দ্বীপে প্রতিশোধের হামলা শুরু করে মার্কিন বাহিনী। হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে বসে অভিযান পর্যবেক্ষণ করেন।
মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড-সেন্টকম এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে ইরানের সামরিক অবস্থান ও রাডার স্থাপনায় হামলা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কেশম দ্বীপে অন্তত ছয়টি বিস্ফোরণ হয়েছে। সিরিকের উপকূলীয় এলাকা এবং হরমোজগান প্রদেশের জাস্ক ও কুহ-ই শহরে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। বোমানির অন্তত দুইটি জলাধারে হামলা হয়েছে। এর রেশ থাকতে বাহরাইনে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরে ড্রোন হামলা আর একটি এমকিউ-নাইন ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি। বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে হুশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি।




