শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৬৫) মারা গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছোট বোন রাশিদা বেগমের মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুন) বিকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আনিছুরের মৃত্যু হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বড় ভাই খলিলুর রহমান।
তিনি জানান, আনিছুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কয়েকদিন ধরে তিনি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্যদের নিশ্চিত করে।
এদিকে, বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা খানম (৬২) মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বজনরা জানান, ৮ জুন সোমবার বেলা ১১টায় শ্রীপুরের মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি টানা চারবার শ্রীপুর পৌরসভার মেয়র এবং শ্রীপুর কলেজের সাবেক ভিপি ছিলেন। জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।




