ফাইল ছবি
মালায়ালাম চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সেলিম কুমার মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী এ তারকা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেলিম। তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।শনিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ভারতের কোচির একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে ভর্তি করা হয়। এরপর ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন।
অভিনেতার অকাল প্রয়াণে মালায়ালাম চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে অভিনয় গুণে সেলিম কুমার মালায়ালাম সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ হয়ে উঠেন। বাস্তবধর্মী অভিনয়, গম্ভীর অথবা কমেডি ঘরানার চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা ও দর্শকের ভালোবাসা পান। তিন দশকের ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
থিয়েটার ও মিমিক্রির মাধ্যমে যাত্রা শুরু করার পর ১৯৯৭ সালে ‘ইশতামানু নুরু ভাট্টাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। ‘সিআইডি মুসা’, ‘কালিয়ানারামন’ এবং ‘মীসা মাধবন’র মতো জনপ্রিয় সিনেমায় অসাধারণ কৌতুকাভিনয়ের জন্য তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায় স্মরণীয় হয়ে আছেন।
অভিনয়ের বহুমুখী দক্ষতার জন্য জাতীয় পুরস্কারও অর্জন করেছেন সেলিম কুমার। ২০১০ সালে ‘আদামিন্তে মাকান আবু’ চলচ্চিত্রে অসামান্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
অভিনয়ের পাশাপাশি মালায়ালাম এ অভিনেতা ‘কারুথা জুথান’ ও ‘কম্পার্টমেন্ট’ এর মতো চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন।




