Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ৩০ ১৪৩২, রোববার ১৫ মার্চ ২০২৬

চার বিভাগে বাড়তে পারে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৫ মার্চ ২০২৬

প্রিন্ট:

চার বিভাগে বাড়তে পারে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা

ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
শনিবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে।
আজ রোববার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও প্রায় একই ধরনের আবহাওয়ার আভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং দেশের অন্য বিভাগগুলোর দু-একটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 
এর পরে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেছেন, আগামী ২৩ মার্চের মধ্যে সিলেট বিভাগের জেলাগুলোর ওপর প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময়ের মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলায় প্রায় ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তিনি জানান, এত বেশি বৃষ্টিপাত হলে উজান থেকে পাহাড়ি ঢল নামার শঙ্কা তৈরি হবে। এতে হাওর এলাকায় আগাম বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে মার্চের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে, যা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ তারেক আজিজ বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে মাঝেমধ্যে বৃষ্টি হলে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে।

Walton
Walton