ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের ১৬০ কোটি জনসংখ্যা একত্রিত হলে তা একটি বৃহৎ আন্তর্জাতিক জনশক্তিতে পরিণত হবে।শুক্রবার সকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে বেনাপোলে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা
দুই দেশের সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে, সেটাই আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে মেধা আছে, তাদের নিয়ে আগামী প্রজন্মের জন্য খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি সব কিছু নিয়ে কাজ করব।’ এ জন্য দুই দেশের সহযোগিতা থাকা দরকার বলেও মনে করেন তিনি।
সম্প্রতি সীমান্ত এলাকায় পুশইন নিয়ে তৈরি হওয়া উত্তাপ এবং ভ্রমণ ও বাণিজ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত ও বাংলা একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয়, সামনের দিনে সেই পদক্ষেপই নেয়া হবে।’
সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এই পরিস্থিতিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বাংলাভাষী এবং দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িত। ফলে তার এই দায়িত্ব গ্রহণ চলমান সীমান্ত উত্তাপ বন্ধ এবং ভিসা ও বাণিজ্য সহজীকরণসহ নানা বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।




