ফাইল ছবি
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে নানা আলোচনা ছিল। আলোচনায় ভারত ও চীনের নাম থাকলেও কুয়ালালামপুরেই প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য চূড়ান্ত হয়েছে। সরকার গঠনের পরই ভারতের তরফে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়।
অন্যদিকে চীনও প্রধানমন্ত্রীর সফর নিয়ে বেশ আগ্রহী। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ২১শে জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে গুরুত্বপূর্ণ চারটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২শে জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের তথ্যমতে, সফরের বিস্তারিত চূড়ান্তের শেষপর্যায়ে রয়েছে। এ সপ্তাহের শেষ নাগাদ তা চূড়ান্ত হতে পারে।
এদিকে মালয়েশিয়ার পর প্রধানমন্ত্রীর চীন সফরও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। এ বছরের এপ্রিল থেকেই প্রধানমন্ত্রীকে বেইজিং সফরে নিতে আগ্রহ দেখাচ্ছিল চীন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরে প্রধান আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রীর সফর। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রধানমন্ত্রীকে জুনের শেষে বেইজিং নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ লক্ষ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের তরফে সফরের আমন্ত্রণ জানিয়ে ঢাকায় চিঠি পাঠানো হয়। পরে ২৩ থেকে ২৬শে জুন প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের বিষয়ে চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ চীনের দূতাবাস। এই সূচিতেই প্রধানমন্ত্রীর চীন সফর হতে পারে বলে সূত্র জানিয়েছে।




