২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্বল আখ্যায়িত করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, এটি বাস্তবায়নে সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বৃহস্পতিবার বিকেলে সিপিডির ফেসবুক পেজে সংগঠনের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
ফাহমিদা বলেন, ‘একদিকে কভিডকে মোকাবেলা করা এবং অন্যদিকে কভিড থেকে ফিরে অর্থনীতিকে পুনরুদ্ধার করার যে বাজেটটি প্রয়োজন ছিল এটায় সেটি আমরা লক্ষ্য করিনি। আগামী কয়েক বছরে স্বাস্থ্য, শিক্ষাসহ অন্য খাতগুলো কেমন হবে সে বিষয়ে একটা পরিষ্কার দিকনির্দেশনা থাকা উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘আমাদের অন্য পরিকল্পনা- যেমন: অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেটটি করা উচিত ছিল। সামগ্রিকভাবে বলতে গেলে এবারের বাজটটি দুর্বল অনুমিত এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার মধ্যেই কভিডকালীন একটি বাজেট।’




