Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩, শনিবার ১৩ জুন ২০২৬

নির্মলেন্দু গুণ সম্পর্কে যা বললেন তসলিমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৩ মার্চ ২০১৬

আপডেট: ২২:১৭, ১৩ মার্চ ২০১৬

প্রিন্ট:

নির্মলেন্দু গুণ সম্পর্কে যা বললেন তসলিমা

ঢাকা : স্বাধীনতা পদক না পাওয়া নিয়ে দেশের দুই শীর্ষ কবি নির্মলেন্দু গুণ আর অসীম সাহার ক্ষোভ প্রকাশের বিতর্ক চলছে বেশ ক’দিন ধরেই। এবার তাদের ক্ষোভ প্রকাশ নিয়ে প্রশ্ন তুললেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। 

নিজের ফেসবুক ওয়ালে এনিয়ে নিজস্ব মতামতও তুলে ধরেছেন তসলিমা।

ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘শুনলাম কবি নির্মলেন্দু গুণ নাকি স্বাধীনতা পদক পাওয়ার জন্য ক্ষেপেছেন! অনেক তো পুরস্কার পেলেন! আরও পেতে হবে? কী হয় এসব পুরস্কারে? কিছু লোকের হাততালি পাওয়া যায়, আর সম্ভবত কিছু টাকা পাওয়া যায়! টাকা তো সেদিনও হাসিনা দিয়েছেন তাঁকে। হয়তো তিনি মনে করছেন স্বাধীনতা পদক পাওয়ার যোগ্য তিনি, তাই পদক দাবি করছেন। কত কেউ তো কত কিছুর যোগ্য। সবারই কি সবকিছু পাওয়া হয়?’

‘গ্রাহাম গ্রীন যে অত বড় লেখক, নোবেল তো পাননি। তাতে কী! গ্রাহাম গ্রীন গ্রাহাম গ্রীনই থেকে যাবেন। নোবেল বরং আফসোস করে যাবে বাকি জীবন’-লিখেছেন বিতর্কিত এই লেখিকা। 

সাহিত্যচর্চায় দেশের স্বীকৃতি-সম্মান না পাওয়ার ব্যাপারে এই লেখিকা লিখেছেন, ‘আমি তো বাংলাদেশের মানুষের ভালোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে, দেশ- সমাজ-পরিবার-স্বজন হারিয়ে, ঘরবাড়ি-বিষয় আশয় বিসর্জন দিয়ে প্রায় তিন যুগ হলো লিখছি। আমি তো অপমান আর লাঞ্ছনা ছাড়া ও দেশ থেকে কিছু পাইনি। পুরস্কার? প্রশ্নই ওঠে না। পুরস্কার পাইনি বলে তো একটুও রাগ বা দুঃখ হয়না আমার!’

পাঠক ভালোবাসাকেই বড় পুরস্কার ভাবা উচিৎ কবি নির্মলেন্দু গুণকে-সেই কথাও স্মরণ করিয়ে দেন তসলিমা নাসরিন। এবিষয়ে তিনি লিখেছেন, ‘নির্মলেন্দু গুণ বাংলাদেশের কবি লেখকদের মধ্যে, আমি মনে করি, খুবই ভাগ্যবান। খুব কম লেখকই জীবদ্দশায় তাঁর মতো আদৃত, সম্মানিত, হয়েছেন। খুব কম লেখকই এত লোকপ্রিয়তা পেয়েছেন। মানুষ তাঁর লেখা পড়তে ভালোবাসে, এটিই কি একজন লেখকের জন্য সবচেয়ে বড় পুরস্কার নয়? সবচেয়ে দামি পদক নয়?’

Walton
Walton