Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ২৯ ১৪৩৩, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া : ৫ শ্রমিকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩০, ১৪ আগস্ট ২০২৬

প্রিন্ট:

চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়া : ৫ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাসের বিষক্রিয়ায় ৫ শ্রমিক মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শ্রমিক।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে’ এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ধারণা, স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাস লিকেজ থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সূত্রে এখন পর্যন্ত ৫ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রথমে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ায়।

অন্যদিকে, বিস্ফোরণে গুরুতর আহত অন্তত ৭ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনটি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে হাসপাতালে আনা হয়। স্থানীয় সূত্রগুলো বলছে, আহত শ্রমিকের সংখ্যা ১০ থেকে ২০ জনের মতো হতে পারে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় যাদের আনা হয়েছে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। হাসপাতালে আনার পর তাদের কারও জ্ঞান ছিল না এবং শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় দেখা গেছে। জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আহতদের দ্রুত বিভিন্ন ওয়ার্ডে রেফার করেছেন।
 
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে শ্রমিকরা যখন জাহাজ কাটছিলেন, তখন হঠাৎই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ইয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ভিড় জমান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেয়া হয়।
 
আহতদের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুর্ঘটনার সময়কার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Walton
Walton