Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩ ১৪৩৩, বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ২২ মে ২০২৬

প্রিন্ট:

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ যুক্তরাষ্ট্রের থমাস ডুলি

ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাভিয়ের কাবরেরার স্থলাভিষিক্ত খুঁজে নিলো বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশন (বাফুফে)। হামজাদের কোচ হিসেবে নিয়োগ পেলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলি।শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

চলতি বছরের এপ্রিলের শুরুতে বাফুফে জাতীয় দলের প্রধান কোচ পদে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ২৭০ জন প্রার্থী আবেদন করেন। দীর্ঘ চার বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর পদ ছাড়েন স্প্যানিশ কোচ কাবরেরা।পরবর্তীতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে গেলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা ভেস্তে যায়। এরপরই কোচ নিয়োগ প্রক্রিয়ায় শীর্ষ পছন্দ হিসেবে উঠে আসেন ডুলি।
 
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি জানিয়েছিলেন, ২৪ মে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই নতুন কোচের উপস্থিতি নিশ্চিত করা হবে। আসন্ন ৫ জুন সান মারিনোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে দল গঠন ও প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।

ডুলিকে নিয়ে বিবৃতিতে বাফুফে জানিয়েছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হিসেবে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান থমাস ডুলিকে নিয়োগ দিয়ে আমরা আশাবাদী ও রোমাঞ্চিত। বিশ্ব ফুটবলে দীর্ঘ ৪৩ বছরের অভিজ্ঞতা নিয়ে আসছেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছেন।
 
এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কের দায়িত্বও পালন করেন। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।
 
কোচ ডুলি একটি দল গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং এশিয়ার ফুটবলের বাস্তবতা, চ্যালেঞ্জ ও সমর্থকদের আবেগ সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা। তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং।
 
সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চারটি ম্যাচের সবকটিতেই জয় পায়। বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল এক দলে পরিণত করার লক্ষ্য নিয়েই এবার নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন থমাস ডুলি।
 
সবকিছু ঠিক থাকলে আজই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ডুলির। ঢাকায় এসে তিনি বাফুফের সঙ্গে দুই বছরের চুক্তিতে আবদ্ধ হবেন।

Walton
Walton